মডেলিং থিউরি

 যাত্রাবাড়ী থেকে মদনপুর যাবার জন্যে বাসে উঠি। জানালার পাশের একটি সিটে বসে বাইরে তাকিয়ে ছিলাম। হঠাৎ একটি ছেলেকে দেখলাম ইয়ারফোন কানে, মাথাটা হেলেদুলে বাসের দিকে এগিয়ে আসছে। দু'হাতের ৪টি করে আঙ্গুল জিন্স প্যান্টের পকেটে ঢুকানো। সোনারগাঁ যাবে কি না তা হেল্পারের কাছ থেকে নিশ্চিত হয়ে বাসে উঠে আমার পাশের সিটটি ফাঁকা পেয়ে বসে পড়লো। তার ইয়ারফোনের কিছুটা শব্দ বাইরেও শোনা যাচ্ছিলো। আমি একনজর তার দিকে তাকিয়ে আবার জানালার বাইরে নজর দিলাম।

দেখছিলাম বাংলাদেশের এই মহামারীতেও মানুষের কত ব্যস্ততা! জীবিকার তাগিদে কিংবা সাধারণ কাজে, কেউবা শখে বেরিয়েছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ আমার পাশে বসা ছেলেটির কথা মনে পড়লো। আচ্ছা, ছেলেটি এমন কেন? সে যেমনই হোক তার ব্যক্তিগত বিষয়, কিন্তু মানুষ এমন কেন? কেউ পাজামা-পাঞ্জাবী পরে, কেউবা শার্ট-প্যান্ট আবার কেউ বোরকা আর কেউবা টপ-জিন্স। আমাদের মাঝে এই পার্থক্য কেন? এসব নিয়ে গুগল করলাম। খুঁজতে গিয়ে একটি তত্ত্ব পেলাম। যেখানে আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম।

মডেলিং থিউরি নামে এই তত্ত্বটির প্রবক্তা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আলবার্ট বান্দুরা। তিনি মনে করেন মানুষের জীবনাচরণ পরিবর্তন হয় অন্যকে পর্যবেক্ষণের দ্বারা। তিনি বলার চেষ্টা করেছেন, মানুষ সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে যেসব চরিত্র দেখে তা প্রথমে পর্যবেক্ষণ করে পরে তা অনুসরণ করে এবং এই চরিত্র তার জ্ঞান, আচরণ, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধে পরিবর্তন ঘটায়। চরিত্রটি যদি কোনো পুরস্কার পায় এবং তার কাজ নিয়ে বেশী আলোচনা করা হয় তখন মানুষ তাকে বেশী অনুসরণ করে।

উদাহরণস্বরূপ বলা যায়, কোনো সিনেমায় বা টিভি সিরিয়ালে নায়ক বা নায়িকাকে এমনভাবে চিত্রিত করা হয় যে তা দর্শকপ্রিয়তা পায়। একসময় সেই নায়ক বা নায়িকার পোশাকের মত দেখতে পোশাক কিনে দর্শকরা পরতে থাকে। এমনকি নায়ক কোন ভঙ্গিমায় হাটে তাও অনুসরণ করে। রাস্তায় বিলবোর্ডে বিজ্ঞাপন হিসেবে কোনো প্রিয় খেলোয়াড়ের হাতে যে পণ্যদেখা যায় দোকানে গিয়ে অবচেতন মনে হয়তো ওই পণ্যই চেয়ে বসে অনেকে। কেউ তার প্রিয় চরিত্রের জামা কিনে না দিলে আত্মহত্যা করে এমন সংবাদও কম নয়! নাটক-সিনেমার নায়ক-নায়িকা কিংবা বিজ্ঞাপনের মডেলদের নিজের জন্য অনুকরণীয়, অনুসরণীয় করে তোলার নামই মডেলিং।

এক সময় ছেলেরা লুঙ্গি-গেঞ্জি আর মেয়েরা বড় ওড়না ও সেলোয়ার কামিজ পরতো। সময়ের পরিবর্তনে দেখা গেলো ছেলেরা প্যান্ট-শার্ট আর মেয়েরা ছোট ওড়না ও টাইট সেলোয়ার-কামিজ পরা শুরু করেছে। এখন দেখা যায় ছেলেরা থ্রি-কোয়ার্টার আর টি-শার্ট আর মেয়েরা টপ ও জিন্স পরে। গবেষকদের মতে যুগে যুগে এই পরিবর্তনের পিছনে বড় কারণ হচ্ছে টিভি-সিনেমার মডেল।

কৌতূহলবশত পাশের সিটে বসা ছেলেটির সাথে বিভিন্ন কথার ফাঁকে জিজ্ঞেস করলাম, আপনি বাসের দিকে আসার পথে দেখলাম এমন করে হেঁটে আসছেন, নিশ্চয়ই আপনার পছন্দের স্টাইল এটি? আমার জানার ইচ্ছে, আপনি এমনটা প্রথম কোথায় দেখেছেন। উনি উচ্ছ্বসিত কণ্ঠে উত্তর দিলেন, আমি অমুক সিনেমার নায়ককে দেখেছি এমন করতে, ভালো লেগেছে তাই আমিও এমনটা করি মাঝেমধ্যে।

এই মডেলিং কি কেবল পোশাক-আশাকে বা লাইফ স্টাইলের ক্ষেত্রে হয় নাকি অন্য কিছুতেও। মডেলিংয়ের ধাপ কী, কীভাবে তা ঘটে, এটা কি ইতিবাচক না নেতিবাচক, এর পিছনের কলা কুশলী কারা ইত্যাদি ইনশাআল্লাহ আমার পরবর্তী লেখায় তুলে ধরবো। সকলের প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা ও আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এই কামনা।

No comments

Powered by Blogger.